আবারও বড়পর্দায় জুটি হয়ে আসছেন ফেরদৌস ও সোহানা সাবা। এর আগেও বেশ কয়েকটি চলচ্চিত্রে দর্শকদের কাছে ইতিবাচক গ্রহণযোগ্যতা পেয়েছে এই জুটি। ‘প্রাচীর পেরিয়ে’ শিরোনামে নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করবেন তারা। এরইমধ্যে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়ে গেল। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে শিশুদের নিয়ে। চলতি মাসের শেষের দিকেই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।
চলচ্চিত্রটি ও ফেরদৌসের সাথে আবারও জুটি প্রসঙ্গে সাবা বলেন, ‘শিশুতোষ চলচ্চিত্র আমাদের দেশে খুব বেশি হয় না। সেই জায়গা থেকে আমি এই চলচ্চিত্রটি করতে পারছি বলে আনন্দিত। চলচ্চিত্রটি বড় একটি ক্যানভাস। এই জায়গা থেকে আমাদের সংশ্লিষ্টদের দায়িত্ব সমাজকে গুরুত্বপূর্ণ ম্যাসেজ দেওয়া। আশা করি এই চলচ্চিত্রটির মধ্য দিয়ে দর্শকরা গুরুত্বপূর্ণ কিছু ম্যাসেজ পাবেন। আর ফেরদৌসের সাথে কাজের অভিজ্ঞতা অনেক ভালো। তিনি কাজের বিষয়ে খুবই হেল্পফুল। যেহেতু বেশ কয়েকটি কাজ আমরা একসাথে করেছি, তাই এখন তার সাথে রসায়নটা ভালো হয়ে গেছে। আমাদের নতুন এই কাজটিও দর্শকদের ভালো লাগবে
আশা করি।’