সৌদি আরব ও ইরানকে তুরস্ক

‘যথেষ্ট হয়েছে, আমরা শান্তি চাই’

ইরান ও সৌদি আরবের মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থার অবসানের আহ্বান জানিয়েছে তুরস্ক। দুই দেশকেই নিজেদের মিত্র উল্লেখ করে তুরস্কের উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস বলেন, যথেষ্ট হয়েছে আমরা মধ্যপ্রাচ্যে আমরা শান্তি চাই।
 
সৌদি আরব গত শনিবারে বিখ্যাত শিয়া নেতা নিমর আল নিমরের ফাঁসি কার্যকর করে। আর তাতেই শিয়া প্রধান ইরান ফুঁসে উঠে, তেহরানে সৌদি আরবের দূতাবাসে হামলা হয়। আর এরই জের ধরে সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং বাণিজ্য ও বিমান পরিবহন স্থগিত করার কথা চিন্তা করছে। এই অবস্থাতে দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তুরস্কের উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস বলেন, আমরা চাই দুই দেশ এখনই নিজেদের মধ্যে চলমান অস্থিরতার অবসান ঘটাক কারণ এটা মধ্যপ্রাচ্যের চলমান অবস্থাকে আরো জটিল করে তুলবে। এই অঞ্চল ইতিমধ্যে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। যথেষ্ট হয়েছে, আমরা এই অঞ্চলে শান্তি চাই।
  
তুরস্ক ইরানে সৌদি দূতাবাসে হামলার সমালোচনা করে বলে, ইরানের অবশ্যই সব দূতাবাসগুলোকে রক্ষা করা উচিত। তুরস্ক সব ধরণের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিশেষ করে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সৌদি আরব ও ইরান আমাদের বন্ধু রাষ্ট্র এবং আমরা চাই না তারা লড়াই শুরু করুক। কারণ এই অঞ্চলে এর থেকে খারাপ আর কিছু এখন হতে পারে না। বিবিসি।