মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানির মামলার জন্য আবেদন করা হয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) আবেদনটি করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে মামলাটি গ্রহণের জন্য আবেদন জানানো হয়। আদালত বাদীর জবানবন্দি নিয়ে পরে মামলা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।
মামলার অভিযোগে বলা হয়, গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে খালেদা জিয়া এবং গত ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা, শহীদ বুদ্ধিজীবী ও বঙ্গবন্ধুকে নিয়ে যেসব কথা বলেছেন তাকে তিনি (বাদী) ব্যথিত হয়ে এই মামলার আবেদর করেছেন।
২০১৫ সালের ২১ ডিসেম্বর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় খালেদা জিয়া বলেন, ‘তিনি তো (বঙ্গবন্ধু) বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। আজকে বলা হয়, এতো শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’
অন্যদিকে গয়শ্বর চন্দ্র রায় বলেছিলেন, মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীরা নির্বোধের মতো মারা গেছেন।
একই ঘটনায় গত বছরের ২৪ ডিসেম্বর ও ২৭ ডিসেম্বর দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা দায়ের করা হয়।