আইএসের সর্বশেষ ভিডিওতে যার কণ্ঠস্বর শোনা গেছে ধারণা করা হচ্ছে তিনি ব্রিটিশ নাগরিক সিদ্ধার্থ ধর। ভিডিওটিতে গুপ্তচর সন্দেহে ৫ জনকে হত্যার দৃশ্য ধারণ করেছে আইএস। ব্রিটিশ গণমাধ্যমগুলোর একটি অংশ বলছে, সিদ্ধার্থের পারিবারিক শিকড় ভারতের পশ্চিমবঙ্গ-বিহার অঞ্চলে।
অনেকেই বলেছেন ভিডিওতে সিদ্ধার্থ ধরের গলা শোনা গেছে তবে ব্রিটিশ সরকার এখনো তা নিশ্চিত করেনি। সিদ্ধার্থ ধর হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে জঙ্গিদের সাথে যোগ দেয়। ধর্মান্তরিত হওয়ার পর তার নাম হয় আবু রুমায়শা।
সিদ্ধার্থকে ব্রিটেনে একবার গ্রেফতার করা হয়েছিল। ২০১৪ সালে জামিনে মুক্ত হওয়ার পর সিদ্ধার্থ ব্রিটেন ত্যাগ করে সিরিয়ায় চলে যান। তার একজন সহযোগী বলেছেন তিনি নিশ্চিত ভিডিওর কণ্ঠস্বর সিদ্ধার্থের। তার বোন বলেছেন কণ্ঠস্বর শুনে তার মনে হয়েছিল তা তার ভাইয়ের তবে ভিডিও ক্লিপ দেখে তিনি দ্বিধান্বিত।
আইএসের সর্বশেষ ভিডিওতে অস্ত্র হাতে একজন মুখোশপরা মানুষকে দেখা গেছে যিনি আইএসকে চ্যালেঞ্জ করায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বিদ্রূপ করছেন। তাকে বলতে শোনা গেছে আমরা জিহাদ প্রসারিত করে দেশের সীমানা ভেঙ্গে ফেলবো এবং তোমার দেশ জয় করে শরিয়া আইন প্রতিষ্ঠা করবো।
ডেভিড ক্যামেরন বলেছেন আইএস দখল করা এলাকা হারাচ্ছে। তারা এখন মরিয়া হয়ে উঠেছে। সূত্র: বিবিসি