সরকারের বেধে দেয়া শর্ত পূরণ না করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেশি দিন চলতে পারবে না বলে সতর্ক করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উত্তরা ইউনিভার্সিটির সমাবর্তনে মন্ত্রী একথা বলেন বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এভাবে বেশি দিন চলতে পারবে না।
বাংলাদেশে বর্তমানে ৮৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার সাত বছর পার করেছে তাদের গত ১৫ সেপ্টেম্বরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরে শিক্ষা মন্ত্রণালয় চুতর্থ দফায় সময় বেঁধে দেয়। এই নির্দেশনা মেনে সাত বছর ধরে ক্যাম্পাস পরিচালনা করছে এমন ৫২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৭টি সম্পূর্ণভাবে নিজস্ব ক্যাম্পাসে গেছে, ২৭টি আংশিক স্থানান্তর করেছে।
বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তন বক্তব্যে নাহিদ জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা পাবলিক বিশ্ববিদ্যালয়ের থেকে প্রায় এক লাখ বেশি।
অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় মান বৃদ্ধি করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এক হাজার ৬৩০ জন বিদেশি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সরকার কোনো পার্থক্য করে না। শিক্ষার্থীরা সবাই আমাদের সন্তান ও জাতির ভবিষ্যৎ। সরকার সবার মানসম্মত শিক্ষা ও সুযোগ নিশ্চিত করতে চায়।
দেশের বাস্তবতা ও জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
সমাবর্তন বক্তার বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চশিক্ষা বিস্তারের পাশাপাশি গবেষণা ও জ্ঞান সৃষ্টিতে নিয়োজিত হওয়ার আহ্বান জানান।
উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আজিজুর রহমান ও বিশ্ববিদ্যালয়টির ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান মো. বদরুল ইকবালও অনুষ্ঠানে বক্তব্য দেন।