দুর্যোগ মোকাবেলায় ১৩ হাজার কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

ভূমিকম্পসহ দুর্যোগ  মোকাবেলায় বিশ্বব্যাংক ঢাকার দুই সিটি করপোরেশনকে ১৬৩ মিলিয়ন ডলার (প্রতি ডলার  মূল্যে ৭৮ টাকা করে ১৩ হাজার  কোটি টাকা) ঋণ সহায়তা  দেবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপেরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, ইতোমধ্যে এই টাকা বরাদ্দ পাওয়া গেছে। আগামী  ফেব্র“য়ারি মাসে বিশ্বব্যাংক থেকে পাওয়া টাকার প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে পাঁচ বছর।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরভবনের মেয়রের সভাকক্ষে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

সাঈদ খোকন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়তে চাই। আমরা পরিচ্ছন্নভাবে বসবাস করতে চাই। এজন্য আমাদের চিন্তার পরিচ্ছন্নতার প্রয়োজন। আগামী ১৫ জানুয়ারি দক্ষিণের ৩০০ রাস্তার কাজ শুরু হবে। অলিগলির এসব রাস্তা কংক্রিটে করা হবে। এতে করে আগামী ৫-১০ বছরে ওই রাস্তার কিছু হবে না। আর প্রধান রাস্তা হবে বিটুমিন দিয়ে। ভবিষ্যতে রাস্তার উপরে কোনো ধরনের ক্যাবল থাকবে না। রাস্তার নিচ দিয়ে একটি ক্যানেলে সব ধরনের ক্যাবল থাকবে। এ ধরনের একটি প্রকল্প আমরা হাতে নিচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘বিভিন্ন সরকারি, বেসরকারি ও হাসপাতালের কাছে ৪৩ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স বকেয়া আছে। আমরা এই বকেয়া উদ্ধারের চেষ্টা করছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক অমিতোষ পাল, সাংগঠনিক সম্পাদক মতিন আব্দুল­াহসহ  ফোরামের নেতা ও সদস্যরা।