নিপুণের ‘টিউলিপ’ পার্লার উদ্বোধন

জীবনের এই পর্যায়ে চিত্র নায়িকার পাশাপাশি নতুন পরিচয়ে পরিচিত হলেন নিপুণ। তিনি এখন পার্লার ব্যবসায়ের সাথে জড়িত। নিজের ব্যক্তিগত অসন্তুষ্টি ও দেশের নারীদের আন্তর্জাতিক মানের সৌন্দর্য চর্চায় অভ্যস্ত করার লক্ষ্যেই তিনি নিজের এই পার্লারটি খুলেছেন বলে জানান নিপুণ।
 
রাজধানীর বনানী কামাল আতা তুর্ক এভিনিউতে অবস্থিত ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ নামের এ পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন হয় সোমবার। উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিম। সঙ্গে ছিলেন টিভি-চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের অনেক তারকা। চিত্রনায়ক রিয়াজ ও তার স্ত্রী টিনা,  আলিশা প্রধানসহ অনেকেই উপস্থিত হয়েছিলেন এ উদ্বোধনী অনুষ্ঠানে।
 
এবিষয়ে  নিপুণ জানান, ‘আমি খুবই আনন্দিত নিজের প্রতিষ্ঠান চালু করতে পেরে।  অনেকদিন ধরেই এমন একটি প্রতিষ্ঠান দেওয়ার চিন্তা-ভাবনা ছিল,  অবশেষে সফল হলাম। সবার কাছে দোয়া চাই যাতে ভাল সার্ভিস দিতে পারি।’ তিনি আরও বলেন, ‘এখানে মূলত স্পা ও নেইলসের কাজ হবে। থাইল্যান্ডের থেরাপি অনুযায়ী নেইলসের পরিচর্যা করা হবে।  এ প্রতিষ্ঠানে কাজও করছে থাইল্যান্ডের মেয়েরা।’
 
বনানীর কামাল আতা-তুর্ক এভিনিউয়ে যমুনা ব্যাংক ভবনের চতুর্থ তলায় অবস্থিত ‘টিউলিপ নেইলস এন্ড স্পা’ খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।