নাশকতা করলে খালেদাকে ছাড় দেয়া হবে না : নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া জ্বালাও-পোড়াও ছেড়ে শান্তির পথে এসেছেন। এ জন্য বেগম জিয়া আপনাকে ধন্যবাদ। গণতন্ত্রের জন্য যে অঙ্গীকার করেছেন তা রক্ষা করুন। ২০১৪-১৫ সালের সহিংস পথ পরিহার করুন। তবে মিছিল-সমাবেশ করতে পারবেন, গণতান্ত্রিক অধিকার পাবেন। জামায়াতকে ছাড়ুন, না হলে আমরা মাঠে থাকব। ফের নাশকতা করলে আপনাকে আর কোনো ছাড় দেয়া হবে না।
 
রাজধানীর ধানমণ্ডির রাসেল স্কয়ারে মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে আবারো সামরিক শাসন আসতো। তাহলে খালেদা জিয়া আজ সমাবেশ করতে পারতেন না। ওইদিন নির্বাচন হয়েছিল বলেই গণতন্ত্র এখনো আছে। এ জন্য খালেদা জিয়া আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। কিন্তু আপনি জানাবেন না।
 
দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, এ্যাডভোকেট সাহারা খাতুন, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, আক্তারুজ্জামান প্রমুখ।