সুপারি গাছের মালিকানার দ্বন্দ্বে চাচীর লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়িতে সুপারি গাছের মালিকানা নিয়ে দ্বন্দ্বে চাচীর লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু ঘটেছে। নিহতের নাম রানা মিয়া (১৪)।

তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্ত ঘেষা গোরকমন্ডপ গ্রামের হালাল উদ্দিনের ছেলে ও নাওডাঙ্গা ডিএস দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র। মঙ্গলবার দুপুর দেড়টায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলার সময়ে তিনি মারা যান।

এলাকাবাসী ও নিহতের চাচী মঞ্জুয়ারা জানান, সকালে দুই ভাই হালাল ও হেলালের মধ্যে একটি সুপারি গাছের মালিকানা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় হালালের ছেলে রানা মিয়া এগিয়ে আসলে ও বাক বিতণ্ডায় জড়ালে হেলালের স্ত্রী নফিয়া বেগম লাঠি দিয়ে তাকে বেদম পেটায়। এতে  গুরুতর আহত হলে তাকে প্রথমে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ  হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসায় থাকা অবস্থায় দুপুরে মারা যায়। এ খবর পেয়ে অভিযুক্ত চাচা ও চাচী গা-ঢাকা দিয়েছেন।

এ ব্যাপারে ফুলবাড়ি থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/জেডএইচ