চলতি বছরেই ফোরজি চালু: তারানা হালিম

 
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, নতুন বছরে ফোরজি চালু করতে চাই। এজন্য প্রাথমিক কাজ শেষ করা হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
 
তারানা হালিম বলেন, এই বছরই মোবাইল ফোনের চতুর্থ প্রজন্মের (ফোরজি) তরঙ্গ নিলাম করা হবে। নিলামের জন্য খসড়া চূড়ান্ত করা হচ্ছে। এই নিলাম সব অপারেটরদের জন্যই আয়োজন করা হবে। রাষ্ট্রায়াত্ত অপারেটর টেলিটক যেমন নিলামের আগেই থ্রিজি সেবা শুরু করতে পেরেছিল এবার তেমন হচ্ছে না।
 
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেন, যে সব অপারেটরের হাতে বর্তমানে বেশি তরঙ্গ রয়েছে তারা ফোরজি নিলামের প্রথম বিডে অংশ নিতে পারবে না। অপারেটরগুলোর মধ্যে প্রতিযোগিতার পরিবেশ ও তরঙ্গ বরাদ্দ যাতে ঠিক থাকে সেজন্য এই ব্যবস্থা।
 
২০১৩ সালের ৮ সেপ্টেম্বর দেশে প্রথমবারের মতো থ্রিজি তরঙ্গের নিলাম হয়।  তাতে অংশ নেয় গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল। তবে এইর আগে টেলিটককে থ্রিজি সেবা চালুর অনুমতি দেয়া হয়।