নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

‘হাইড্রোজেন বোমা পরীক্ষা বড় ধরণের উস্কানি’

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হাই উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার কড়া সমালোচনা করে একে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি ‘বড় ধরনের উস্কানি’ বলে আখ্যায়িত করেছেন।
 
তিনি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ‘কঠোর’ আন্তর্জাতিক অবরোধের আহ্বান জানিয়েছেন।  বুধবার এ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।  পার্ক জাতীয় নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বলেন, উত্তর কোরিয়ার এই পরমাণু পরীক্ষাটি শুধু আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেই হুমকি নয়, বরং এটি আমাদের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। 
 
এদিকে উত্তর কোরিয়ার প্রধান মিত্র চীনও এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চানিং এক বিবৃতিতে বলেন, চীন দৃঢ়ভাবে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার বিরোধিতা করে। ছয় জাতির আলোচনার মাধ্যমে কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানানো হয় বিবৃতিতে। এদিকে উত্তর কোরিয়া সফলভাবে হাইড্রোজেন বোমা পরীক্ষার দাবি করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার নিউইয়র্কে জরুরী বৈঠকে বসছে। জাতিসংঘ ও জাপানের আহবানে ১৫ সদস্যের এ  সংস্থা রুদ্ধদ্বার এ বৈঠকে বসবে। এএফপি।