রয়েল-নীরবের দ্বিতীয় খেলা!

গেইম ছবিটি নিয়ে এর আগে বেশ আলোচনা উঠেছিল। তবে সেটি তৈরি করেছিল রয়েল খান ও অনিক নামের দুই তরুণ। এর পরবর্তীতে রয়েল খানই মূলত মূল ধারার চলচ্চিত্রে নিজেকে শামিল রাখেন। এমনকি মিডিয়ায় একাধিক যোগাযোগ ও সখ্যতার ভিত্তিতে নিজের আর্থিক অবস্থান ও পেশাগত অবস্থানও পাকাপোক্ত করেছেন। এবারে তাই নিজের তৈরি গেইম এর সিকুয়েল নির্মাণের কাজে হাত দিলেন।
 
সম্প্রতি গেইম-টু অর্থাৎ নিজের  এর লোকেশন দেখতে গেলেন চট্টগ্রামে। এ বিষয়ে পরিচালক রয়েল খান ইত্তেফাককে জানান, আমার ইচ্ছে আছে এই মাসের ১০ তারিখের ভিতরেই ‘গেইম-২’ শিরোনামের চলচ্চিত্রটির মহরত করার। আর শুটিং শুরু করবো ফেব্রুয়ারির ১ তারিখে যা মার্চের ৫ তারিখের ভিতর শেষ করতে পারবো বলে আশা করছি।’ এবারের ‘গেইম-২’ চলচ্চিত্রটিতে তিনি একাই পরিচালনার কাজ করছেন। এবিষয়ে তিনি বলেন, ‘প্রথম পর্বে পরিচালনায় অনিক আমার সাথে ছিল। কিন্তু এবার আমি একাই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছি। তবে অনিক পরিচালনায় না থাকলেও প্রয়োজনে সব ধরনের সহায়তা আমি তার কাছে পাব বলে আশা করছি।’
IMG0
‘গেইম’ শিরোনামের চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন নীরব, অমৃতা খান, ইরফান খান ও বিপ্লব। সেই ধারাবাহিকতায় ‘গেইম-২’ চলচ্চিত্রে অভিনয় করবেন দুই নতুন মুখ লাবণ্য লি ও পি জি হেলেন। তাদের পাশাপাশি আরও অভিনয় করবেন নীরব ও মিশা সওদাগর। প্রায় সব কাজই গুছিয়ে ফেলেছেন পরিচালক রয়েল খান, এখন শুধু বাস্তবায়নের অপেক্ষা। এরই ভেতরে গান রেকর্ডিং এর কাজও সম্পন্ন হয়েছে। তবে এবারে প্রযোজনা বা অর্থ লগ্নির বিষয়টা রয়েল নিজেই দেখাশোনা করছেন বলে কাজের গতি আরও দ্বিগুণ হবে বলে জানান তিনি।
IMG1
রয়েল এ প্রসঙ্গে বলেন,‘ আসলে চলচ্চিত্র সমৃদ্ধ করে এর প্রযোজক। কারণ লগ্নিটা স্বচ্ছন্দ-ভাবে সময়মতও পাওয়া গেলে পরিচালক তার কমফোর্ট জোনে কাজ করতে পারে। আমি মনে করে, গেইম টু এক্ষেত্রে নতুন একটি দৃষ্টান্ত তৈরি করবে। গত কয়েকবছর ধরেই কিছু ছবি ছাড়া অধিকাংশ চলচ্চিত্রই খুবই ধীর গতিতে তৈরি হয়েছে। দেখা গেছে ছবির শুরুতে নায়কের এক গেট-আপ কিন্তু বছর শেষে শেষ পর্যায়ে নায়কের গেটআপই বদলে যায়। আশা করছি আমার গেইম টু’তে এ ধরনের কোনও অসঙ্গতি থাকবে না।’
 
উল্লেখ্য, এছাড়াও রয়েল খান পরিচালিত ‘যে গল্পে ভালোবাসা নেই’ নামের একটি চলচ্চিত্র মুক্তি অপেক্ষায় রয়েছে। এ ছবির প্রধান চরিত্রে কাজ করেছেন ফিরোজ শাহী ও তানহা।