হিমালয় অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনার বিশেষজ্ঞরা। তাদের ভাষ্যে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা হতে পারে ৮ দশমিক ২। বুধবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সোমবার মণিপুরে আঘাত হানা ভূমিকম্পের চেয়ে শক্তিশালী ভূমিকম্প ভবিষ্যতে ঐ অঞ্চলটিতে আঘাত হানতে পারে।
টেকনোটেক প্লেট সরে যাওয়ার কারণে ঐ এলাকায় মণিপুরে ৬ দশমিক ৭ ( ২০১৬ সালের জানুয়ারি), নেপালে ৭ দশমিক ৩ (২০১৫ সালের মে) ও সিকিমে ৬ দশমিক ৯ মাত্রার (২০১১ সাল) ভূমিকম্প হয়। এসব ভূমিকম্পের ফলে মনে করা হচ্ছে, পরবর্তীতে বড় ধরনের একটি ভূমিকম্প আঘাত হানতে পারে, যার মাত্রা হবে ৮ এর উপরে।
ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক সন্তোশ কুমার বলেছেন, নেপাল, ভুটান, মিয়ানমার ও ভারতের মধ্যে প্লেটের সংযোগ থাকার কারণে এসব এলাকায় বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে পার্বত্য অঞ্চল, বিহারের অংশবিশেষ, উত্তর প্রদেশ এমনকি দিল্লিতেও এই ভূমিকম্প হতে পারে।
আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও বড় ধরনের ভূমিকম্পের ব্যাপারে সতর্ক করেছেন। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ভূকম্পনবিদ ও সংশ্লিষ্ট এক কর্তৃপক্ষ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে অন্তত চারটি ভূমিকম্প আঘাত হানতে পারে। এগুলোর মাত্রা রিখটার স্কেলে ৮ এর বেশি হতে পারে।