'ব্ল্যাকএনার্জি ট্রোজান' নামের একটি ম্যালওয়্যারের কারণে বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পরেছিল ইউক্রেইনের কয়েক হাজার নাগরিক। ম্যালওয়্যারটির কারণে অফলাইনে চলে গিয়েছিল একাধিক স্থানীয় বিদ্যুৎ উপকেন্দ্র। ২৩ ডিসেম্বর হ্যাকারদের কারণে ইউক্রেইনের নাগরিকরা ওই বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয় বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
২০০৭ সালে 'ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (ডিডিওএস)' আক্রমণের টুল হিসেবে 'ব্ল্যাকএনার্জি ট্রোজান' এর উৎপত্তি বলে জানিয়েছে ওয়্যার্ড ডটকম। পরবর্তীতে এটি ম্যালওয়্যার হিসেবে ডেভেলপ করে হ্যাকাররা।
পশ্চিম ইউক্রেইনের ইভানো-ফ্রাসকিভস্ক অঞ্চলের বিদ্যুৎ উপকেন্দ্রগুলো অচল করে দিতে হ্যাকারদের ব্যবহৃত ম্যালওয়্যারটির কোডের নমুনা সংগ্রহ করেছে সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান আইসাইট পার্টনার্স এবং ড্রাগোস সিকিউরিটি।
অ্যাশলে ম্যাডিসন, উবার এবং টকটক-এর মতো প্রতিষ্ঠান, যারা বিশাল গ্রাহক ডেটা নিয়ে কাজ করে তাদের উপর সাইবার আক্রমণের ঘটনা লক্ষ্যণীয় হারে বেড়েছে সাম্প্রতিক সময়ে। সে তুলনায় শিল্পকারখানায় সাইবার আক্রমণের ঘটনা ঘটছে তুলনামূলক কম।
ইউক্রেইনের সাম্প্রতিক ঘটনা বাদ দিলে গত এক দশকে সাইবার আক্রমণের ফলে শিল্পকারখানায় যান্ত্রিক ক্ষতির ঘটনা ঘটেছে দুটি। ২০০৮ সালে সাইবার আক্রমণের শিকার হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছিল ইরানের একটি ইউরেনিয়াম প্ল্যান্ট। আর সর্বশেষ ২০১৫ সালে সাইবার হামলার শিকার হয়েছিল জার্মানীর একটি ইস্পাত কারখানা। হ্যাকাররা কারখানার ব্ল্যাস্ট ফারনেসের নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট করে দেওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পরে কারখানাটি। বিডি নিউজ।