শ্বশুরকে হত্যার চেষ্টায় পুত্রবধূর ১৪ বছরের কারাদণ্ড

শ্বশুরকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে ঝালকাঠির একটি আদালত। বুধবার বিকালে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক আদালতের হাকিম মো. আবু শামীম আজাদ এ রায় দেন।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আ ফ ম মোস্তাফিজুর রহমান মনু জানান, দণ্ডপ্রাপ্ত শিপু রানি ঢালী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর চরমাদারতলা গ্রামের দীনবন্ধু ঢালির মেয়ে। তিনি সদর উপজেলার পূর্ব ধারাখানা গ্রামের নিরঞ্জন মণ্ডলের ছেলে রিপন মণ্ডলের স্ত্রী। শিপু রানি পলাতক রয়েছেন। একইসঙ্গে শিপুকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
 
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষে আইনজীবী জানান, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর ভোর রাতে শিপু রানি হত্যার উদ্দেশ্যে বসত ঘরের বারান্দায় ঘুমানো শ্বশুর নিরঞ্জন মণ্ডলকে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার পরের দিন রিপন চন্দ্র বাদী হয়ে একটি মামলা করেন।