কুয়েটের ৩ শিক্ষককে নোটিশ, এক শিক্ষকের নিয়োগ বাতিল

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একজন অধ্যাপকসহ তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। একইসঙ্গে অ্যাডহকে নিয়োগপ্রাপ্ত এক শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়েছে।
 
শিক্ষকরা হলেন- যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ, সহকারী অধ্যাপক মো. ফজলে রাব্বি ও প্রভাষক মো. আসাদুজ্জামান। নিয়োগ বাতিল হওয়া শিক্ষক হলেন একই বিভাগের এসএম মাহবুবুর রহমান। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুর রউফ স্বাক্ষরিত পৃথক পৃথক পত্রে তাদের কারণ দর্শানোর নোটিশ ও অব্যাহতিপত্র প্রদান করা হয়। তিন শিক্ষকই তিনদিনের ‘নৈমিত্তিক ছুটির’ আবেদন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. নওশের আলী মোড়লের দপ্তরে দাখিল করে বিভাগীয় প্রধানকে না জানিয়ে এবং নিয়ম অনুযায়ী ক্যাম্পাস ত্যাগের অনুমতি না নিয়ে ইচ্ছামতো গত ২৯ ডিসেম্বর তারিখ ক্যাম্পাস ত্যাগ করেন। এছাড়া ছুটির আবেদনে ক্লাস সমন্বয়ের কথা থাকলেও তারা কেউই কোন ক্লাস সমন্বয় করেননি। তাদের এ ধরনের কর্মকাণ্ডের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
 
এর আগে একই বিভাগের একজন শিক্ষার্থীর থিসিস পেপার নিজের নামে চালিয়ে দেয়ার অভিযোগে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে ক্লাস থেকে বহিষ্কারসহ বিভিন্ন ধরনের প্রশাসনিক শাস্তি প্রদান করা হয়।