শারীরিক অবস্থার উন্নতি হতে পারে আজ

ঢাকাই অ্যাকশন চলচ্চিত্রের সফল পরিচালক শহীদুল ইসলাম খোকন উত্তরার আধুনিক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার বর্তমান শারীরিক অবস্থা অপরিবর্তিত।
 
এ বিষয়ে তার সহধর্মীনি মিসেস জয় ইসলাম ইত্তেফাককে জানান, ‘তার অবস্থা আগের মতোই আছে। জ্ঞান আছে, চোখ খুলতে পারেন, এমনকি হাতও মাঝে মাঝে নাড়াচ্ছেন তিনি। কিন্তু সাপোর্ট ছাড়া নিঃশ্বাস নিতে পারেন না।’
 
তিনি আরও জানান, ‘তার শারীরিক অবস্থার উন্নতির জন্য কর্তব্যরত ডাক্তাররা তার লাইফ সাপোর্টের ক্ষেত্রে কিছু পরিবর্তন করতে পারেন। আগামীকাল (আজ) অবস্থার উন্নতি হতে পারে বলে ডাক্তার জানিয়েছে। এখন দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নেই তার জন্য। তাই আমি সবার কাছে তার জন্য দোয়া চাই।’ দীর্ঘদিন ধরে মুখগহ্বরের ‘মটর নিউরো ডিজিস’ (এএলএস)-এ আক্রান্ত দেশের গুণী পরিচালক খোকন। গত ১০ সেপ্টেম্বর উন্নত চিকিত্সার জন্য আমেরিকা গিয়েছিলেন। আমেরিকার ‘বেল ভিউ হসপিটাল’-এর চিকিত্সকরা জানিয়েছেন, এই রোগের কোনো চিকিত্সা নেই। অক্টোবরের শেষের দিকে তিনি দেশে ফিরে আসেন। শহীদুল ইসলাম খোকন পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘ঘাতক’ ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজ’, ‘ম্যাডাম ফুলি’, ‘ভণ্ড’ ইত্যাদি। তার প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘রক্তের বন্দি’। তার পরিচালনায় সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল।