এতদিন নিপুণকে সবাই চিত্রনায়িকা হিসেবেই চিনতেন, জানতেন। এবার তার নামের সঙ্গে উদ্যোক্তার তকমা যুক্ত হয়েছে। প্রিয়জনদের আশীর্বাদ নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা সম্প্রতি শুরু করলেন টিউলিপ নেইলস অ্যান্ড স্পা লিমিটেডের ব্যবসা। রাজধানীর বনানীর কামাল আতার্তুক এভিনিউয়ে অবস্থিত সৌন্দর্য্য শিল্প চর্চার এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ সেলিম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সহধর্মিনী কণা রেজা। অনুষ্ঠানে শেখ সেলিম বলেন, ‘নিপুণ আমার অত্যন্ত স্নেহের একজন। তার জীবনের এমন একটি সুন্দর মুহূর্তে পাশে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। সেইসঙ্গে বাংলাদেশে এমন আন্তর্জাতিক মানের নেইলস অ্যান্ড স্পা রিলেটেড প্রতিষ্ঠান এবারই প্রথম। আমার বিশ্বাস নিপুণ তার নতুন যাত্রায় সফলতা পাবেন।’ কণা রেজা বলেন, ‘একজন নায়িকা হিসেবে নিপুণ আমার খুব পছন্দের। ব্যক্তিজীবনেও সে খুব শান্ত। তার নিমন্ত্রণে এখানে আসতে পেরে ভালো লাগছে। তার আগামীর দিনগুলো সুন্দর হোক এটিই আমার প্রত্যাশা।’ নিপুণকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন বিশিষ্ট সাংবাদিক সাবরিনা খানের বাবা শহীদুল মোসলেনিন খান, চিত্রনায়ক রিয়াজ ও তার স্ত্রী তিনা, চিত্রনায়িকা আলিশা প্রধান, কণ্ঠশিল্পী কাজী সোমা, পরিচালক নারগিস আক্তারসহ আরও অনেকেই। নিজের নতুন উদ্যোগ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে দেশের মানুষের কথা চিন্তা করে আমি ও আমার ভাই টিউলিপ নেইলস অ্যান্ড স্পার যাত্রা শুরু করেছি। সবার দোয়া যেমন চাই, ঠিক তেমনি চাই সহযোগিতাও। আমার বিশ্বাস এখানে এলে সংশ্লিষ্ট কাজের জন্য দেশের বাইরে যাওয়ার কথা কেউ চিন্তাও করবেন না। সৌন্দর্য্য চর্চায় টিউলিপ সবসময়ই পাশে থাকার অঙ্গীকার নিয়েই এসেছে।’ নিপুণ জানান গ্রাহকদের সুবিধার জন্য সার্বক্ষণিক থাইল্যান্ড থেকে আসা পাঁচজন রূপসজ্জাকর থাকছেন। এদিকে জানুয়ারি মাসেই নিপুণ শুরু করছেন দেলোয়ার জাহান ঝন্টুর নির্দেশনায় ‘৫২ থেকে ৭১’ চলচ্চিত্রের কাজ। নিপুণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হলো ড. অরূপ রতনের ‘স্বর্গ থেকে নরক’ ও মানিক মানবিকের ‘শোভনের স্বাধীনতা’। শাহ আলম কিরণের ‘সাজঘর’ ও মোহাম্মদ হোসেনের ‘চাঁদের মতো বউ’ চলচ্চিত্রে অভিনয় করে নিপুণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।