সাবলীল অভিনয় দিয়ে নাদিয়া দর্শকপ্রিয়তা অর্জন করেছেন অনেক আগেই। অভিনয়ের জায়গা আছে এমন চরিত্রে নিজেকে দেখতে ভালোবাসেন সবসময়। বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার বেশ কয়েকটি ধারাবাহিক নাটক। নতুন বছরে নাদিয়ার অভিনয় ভাবনার কথা জানিয়েছেন অজেয় চৌধুরী
অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে নিজের একটি দর্শন মেনে পথ চলছেন তিনি। আর তাহলো, অনেক বেশি কাজ করার চেয়ে একটু কম কাজ করবেন। সংখ্যার চেয়ে কাজের মানের দিকে বেশি নজর দেন নাদিয়া। এর ফলে কাজ নিয়ে কখনো তার মাঝে কোনো অস্থিরতা দেখা যায়নি। তার ভাষ্যে, ‘আমি কখনো এমনটি চাইনি যে, আমাকে অনেক অনেক নাটকে অভিনয় করতে হবে। সবসময় টিভিপর্দায় নিজেকে দেখতে হবে, এই ভাবনা আমাকে কখনো তাড়া করেনি। আমি আসলে নিজেকে দেখতে চেয়েছি ভালো কাজের একজন অভিনেত্রী হিসেবে।’ সময়ের বিবর্তনে কাজ নিয়ে এখন নতুন নতুন ভাবনার ডালপালা প্রসারিত হচ্ছে তার মনে। নাদিয়া অভিনীত ধারাবাহিক নাটক ‘দাগ’, ‘জীবনের অলিগলি’, ‘লড়াই’, ‘বাক্সবন্দী’, ‘সম্রাট’, ‘পুরান কথা’, ‘গন্তব্য নিরুদ্দেশ’ বর্তমানে বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে তিনি ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। এদিকে গত ডিসেম্বরে নাদিয়া নতুন চারটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। নাটকগুলো হলো সকাল আহমেদের ‘একটি বাবুই পাখির বাসা’, অঞ্জন আইচের ‘মেঘের পরে মেঘ জমেছে’, ফরিদের ‘পাগলা হাওয়ার দিন’ ও এস এ হক অলিকের ‘আয়না ঘর’। নিজের বর্তমান কাজ প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘অভিনয় ও নাচ দুটোই আমার ভীষণ প্রিয়। বলা যায় আমার কাছে একটি আরেকটির পরিপূরক। তবে নাচের প্রতি ভালোলাগা, ভালোবাসা একটু বেশি। আমার পরিচয় প্রথমত একজন নৃত্যশিল্পী, তারপর অভিনেত্রী। আমি কৃতজ্ঞ যারা আমাকে তাদের নাটকে নিয়ে কাজ করছেন। চেষ্টা করি সবসময় নিজের চরিত্র ভালোভাবে ফুটিয়ে তুলতে। নতুন ধারাবাহিক চারটিতে আমাকে দর্শক চার নতুন রূপে দেখতে পাবেন।’ এদিকে সম্প্রতি জাহিদ হাসানের বিপরীতে বরিশালের ভাষায় একটি নাটকে অভিনয় করেছেন নাদিয়া।