খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকলে ধর্মঘট শ্রমিকদের

খুলনার রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের উৎপাদন বন্ধ রেখে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছে শ্রমিকরা। গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়।

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনা-যশোর অঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, দৌলতপুর, খালিশপুর, ইস্টার্ন, আলিম এবং নওয়াপড়া শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং মিলের শ্রমিকরা ধর্মঘট পালন করছে।

এর আগে ৯ দফা বাস্তবায়নের দাবিতে পাটকল শ্রমিক লীগ নেতারা প্রত্যেকটি মিলের সিবিএ ও নন-সিবিএ নেতাদের সঙ্গে বৈঠক করে ৭ দিনের আন্দোলন কর্মসূচির ডাক দেয়।

আরো পড়ুন: নুরকে বুকে জড়িয়ে ধরলেন শোভন, এক সঙ্গে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহবায়ক মো. মুরাদ হোসেন জানান, ৯ দফা দাবিতে শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এ ধর্মঘটে খুলনা অঞ্চলের স্থায়ী-অস্থায়ী প্রায় ৩৫ হাজার শ্রমিক মিলের উৎপাদন বন্ধ রেখে এ আন্দোলনে অংশগ্রহণ করেছেন।

মুরাদ হোসেন অবিলম্বে মজুরি কমিশন, বকেয়া মজুরি প্রদান, পাট ক্রয়ের অর্থ বরাদ্দ, অবসরপ্রাপ্ত শ্রমিকসহ উল্লেখিত দাবি ও সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পিএফ গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বীমার বকেয়া প্রদানসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান সরকারকে। 

ইত্তেফাক/জেডএইচ