আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডাকা আদালত অবমাননাই নয়, রাষ্ট্রদ্রোহিতাও। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রমনা থানা আওয়ামী লীগ আয়োজিত হরতালবিরোধী এক সমাবেশে তিনি এই কথা বলেন।
হাসান মাহমুদ বলেন, সরকারের প্রতি অনুরোধ জানাবো অবিলম্বে যারা আদালতের রায়কে অবমাননা করে হরতাল আহ্বান করেছে তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
তিনি বলেন, জামায়াত হরতাল আহ্বান করলেও প্রকৃতপক্ষে বিএনপি এই হরতাল ডেকেছে। বিএনপি আসলে দেশের মানুষকে দেখাতে চাইছে তারা সহিংসতার রাজনীতি থেকে সরে এসেছে। প্রকৃতপক্ষে এটি বিএনপির নতুন ষড়যন্ত্র।
আলোচনার জন্য খালেদা জিয়ার আহ্বানকে নাকোচ করে দিয়ে হাছান মাহমুদ বলেন, দেশকে এগিয়ে নেয়ার স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হতে পারে কিন্তু যাদের হাতে মানুষের রক্ত, পোড়া মানুষের গন্ধ, যারা যুদ্ধাপরাধীদের সাথে জোট গঠন করেছে, যারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে যুক্ত হয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের সাথে কোনো আলোচনা হতে পারে না।
বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে তিনি বলেন,অতীতের ভুল-ত্রুটির জন্য জনগণের কাছে গিয়ে ক্ষমা চান। যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়ূন। বর্তমান সরকারকে বৈধ সরকার হিসেবে ঘোষণা করুন। সরকারকে অবৈধ বলবেন আবার সেই সরকারের সাথে আলোচনায় বসতে চাইবেন, নৈরাজ্য করবেন তা কখনোই হবে না। বরং সরকার সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করবে।
খালেদা জিয়াকে বিএনপির নেতা-কর্মীরা এখন দলের বোঝা মনে করেন এমন মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, খালেদা জিয়া যে শুধু জনগণের দ্বারা প্রত্যাখিত হয়েছেন তা নয় তিনি এখন নিজ দলের নেতা-কর্মীদের দ্বারাও প্রত্যাখিত। নেতা-কর্মীরাই এখন মনে করে যে বিএনপির এমন করুণ দশার জন্য খালেদা জিয়া দায়ী।
রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ,হেদায়েতুল ইসলাম স্বপন, এমএ করিম,অরুণ সরকার রানা ও আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।