'বর্ষবরণে নিপীড়নকারীদের জার্মানি থেকে বিতাড়িত করা হবে'

 
জার্মানির কোলন শহরে বর্ষবরণ উৎসবে ভিড়ের মধ্যে নারীদের ওপর যৌন নিপীড়নকারীদের দেশ থেকে বিতাড়িত করার ঘোষণা দিলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে সনাক্ত করেছে জার্মান পুলিশ। তবে তাদেরকে এখনও গ্রেফতার করা হয়নি।
 
মেরকেল জানান, তাদের (বহিরাগতদের) জার্মানির আইন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত। আর সে কারণেই এই ঘটনায় জড়িতদের জার্মানি থেকে বিতাড়িত করা হবে। তিনি আরো বলেন, বর্ষবরণের উৎসবে যা হয়েছিল, তা মোটেও কাম্য নয়।
 
এদিকে তিন সন্দেহভাজনকে সনাক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে নর্থ-রায়েন ওয়েস্টফেইলিয়া (এনআরডব্লিউ) রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার তিনি জানান, এই তিনজন আফ্রিকা অথবা আরবের অঞ্চলের অধিবাসী।
 
গত বৃহস্পতিবার রাতে নতুন বছরকে স্বাগত জানাতে কোলন সিটি সেন্টার ও এর আশেপাশের এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়। ভিড়ের সুযোগে কোলন স্টেশন ও সিটি সেন্টারের মাঝামাঝি জায়গায় নারীদের যৌন নির্যাতন করা হয়। প্রায় ৯০ জন নারী ডাকাতি, হুমকি এবং যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেছে।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোলন পুলিশ জানায়, ভিড়ের মধ্যে প্রায় এক হাজার পুরুষের একটি দল এ ঘটনার জন্য দায়ী। তাদের অনেকে মদ্যপ ছিল এবং দেখতে 'আরব ও উত্তর আফ্রিকানদের মতো' ছিল।
 
এনআরডব্লিউ’র স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ এ সপ্তাহের তাকে এ ঘটনার ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন দেবে। তদন্তকাজের ব্যাপারে বিস্তারিত আর কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি। বিবিসি।