পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে হত্যা

পশ্চিম তীরে চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। ইসরাইলের দাবি, সেনাসদস্যদের ছুরিকাঘাতের চেষ্টা চালানোর পর তাদেরকে গুলি করে হত্যা করা হয়। পৃথক দু’টি ঘটনায় এ চার জন নিহত হয়।
 
ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গুশ ইতজিওন মোড়ে তিন হামলাকারীকে হত্যা করা হয়। হেবরনের কাছে চতুর্থ হামলাকারী নিহত হয়। এতে কোন সৈন্য আহত হয়নি।
 
ইসরাইলি সামরিক বাহিনীর ওই বিবৃতিতে আরো বলা হয়, ধারালো অস্ত্রসহ তিন হামলাকারী গুশ ইতজিওন মোড়ে টহলরত সৈন্যদের লক্ষ্য করে ছুরি হামলা চালানোর চেষ্টা চালায়। বিবৃতিতে আরো বলা হয়, এ ঘটনার পরপর অপর এক ফিলিস্তিনি হেবরনের কাছে ইসরাইলী সৈন্যকে ছুরিকাঘাতের চেষ্টা করলে তাকেও গুলি করে হত্যা করা হয়।
 

গত কয়েক মাসে ইসরাইলিদের হাতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রত্যেক ক্ষেত্রেই ছুরি হামলাকে হত্যার অজুহাত হিসেবে দেখাচ্ছে ইসরাইল। সূত্র: এএফপি