কর জালিয়াতি মামলায় আদালতে স্পেনের প্রিন্সেস ক্রিস্টিনা

দুর্নীতির অভিযোগে স্পেনের প্রিন্সেস ক্রিস্টিনা ও তার স্বামীর বিচার সোমবার শুরু হতে যাচ্ছে। ক্রিস্টিনা রাজা ষষ্ঠ ফিলিপের বোন। ফলে মামলাটি এতোই গুরুত্বপূর্ণ যে এটি আবারো স্পেনের রাজপরিবারের মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে।
 
রাজপরিবারের এ দম্পতি এবং অভিযুক্ত অপর ১৬ জনের বিরুদ্ধে করা এ গুরুত্বপূর্ণ মামলার বিচার ভূমধ্যসাগরীয় মায়োর্কা দ্বীপের পালমার একটি আদালতে জুন পর্যন্ত চলবে। সেখানে সমুদ্রের পাশে স্পেনের রাজপরিবারের অবকাশ যাপনের একটি প্রাসাদ রয়েছে। ১৯৭৫ সালে একনায়ক জেনারেল ফ্রান্সিস্কো ফ্রাঙ্কোর মৃত্যুর পর রাজতন্ত্র পুনর্বহাল হওয়া থেকে আজ অবধি ক্রিস্টিনা (৫০) হচ্ছেন ফৌজদারি অভিযোগের মুখে পড়া রাজপরিবারের প্রথম সরাসরি সদস্য। এএফপি।