শরণার্থী শিবিরে কলেরায় ১০ সোমালির মৃত্যু: জাতিসংঘ

কেনিয়ায় বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবিরে কলেরা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রাণঘাতী রোগটিতে আক্রান্ত হয়ে এই শিবিরে সোমালিয়ার অন্তত ১০ শরণার্থী মারা গেছে এবং ১ হাজারের বেশি অসুস্থ হয়ে পড়েছে।  শনিবার জাতিসংঘের কর্মকর্তারা একথা জানিয়েছেন।
 
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর মুখপাত্র ওসমান ইউসুফ আহমেদ বলেন, নভেম্বর মাসে কেনিয়ার উত্তরপূর্বাঞ্চলে দাদাব শরণার্থী শিবিরে এই প্রাদুর্ভাব ঘটে। এখানে প্রায় ৩ লাখ ৫০ হাজার সোমালি শরণার্থী আশ্রয় নিয়েছে। সাহায্য কর্মীরা জানান, তারা রোগটি ছড়িয়ে পড়া রোধে কাজ করে যাচ্ছেন। আহমেদ বলেন, এই রোগ প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা।
 
তিনি জানান, সাহায্য কর্মীরা ক্যাম্পে ক্লোরিন ছিটাচ্ছেন এবং সাবান বিতরণ করছেন। দূষিত পানি পানের মাধ্যমে কলেরা রোগের বিস্তার ঘটে। কেনিয়ায় কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাত রোগটির প্রকোপ বাড়িয়ে দিয়েছে। দাদাবে অবস্থানরত শরণার্থীরা ১৯৯১ সালে কেনিয়ায় প্রবেশ করে। সোমালিয়ায় গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষের কারণে তারা দেশত্যাগ করে। এএফপি।