মিসরে লোহিত সাগরের তীরবর্তী একটি হোটেলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা তিন বিদেশি পর্যটককে ছুরিকাহত করেছে। হোটেলটিতে দুই জন হামলাকারী জোরপূর্বক প্রবেশ করে ছুরি নিয়ে হামলা চালায়। আহত তিনজনের মধ্যে দুজন অস্ট্রেলীয় ও একজন সুইডেনের নাগরিক।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারী দুজনকে গুলি করে হত্যা করেছে। কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, পর্যটকদের অপহরণ করার চেষ্টা করেছিলেন ওই দুজন। আরো হামলার আশঙ্কায় এলাকাটিতে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
হুরঘাদা শহরটিতে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও নতুন হামলা ঠেকাতে সতর্ক অবস্থায় রয়েছে নিরাপত্তারক্ষীরা।
মিসরে ইসলামপন্থী জঙ্গিদের মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে সরকার। শনিবারের হামলাস্থলের অদূরে সিনাই উপদ্বীপে সক্রিয় রয়েছে বেশ কয়েকটি জঙ্গি সংগঠন। এর মধ্যে আইএসের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন সংগঠনও রয়েছে।
সিনাইয়ে আইএস সংশ্লিষ্ট একটি জঙ্গি গ্রুপ গত বছর অক্টোবরে রাশিয়ার যাত্রীবাহী বিমান ভূপাতিত করার দাবি করেছিল। ওই ঘটনায় ২২৪ জন নিহত হয়েছিলেন যাদের মধ্যে প্রায় সবাই রাশিয়ার নাগরিক। তবে বিমান ভূপাতিত করার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক রয়েছে। সূত্র: বিবিসি