বিএনপির দফতর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। তবে জনগণ হেরেছে। শনিবার দুপুর ১২টায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, '(পৌর) নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা মাঠে নামতে পারেননি। অবরুদ্ধ বর্তমান গণতন্ত্রে বিএনপির নেতাকর্মীদের নামে হামলার দায় চাপিয়ে মামলা দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় আগামি ১২ জানুয়ারি স্থগিত ভোট কেন্দ্রের নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। ফলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। পূর্বের ন্যায় ওইসব এলাকায় বিএনপির প্রার্থীদের পরাজিত করতে যা করা দরকার তাই করছে সরকার।'
তিনি বলেন, 'সরকারি দলের লোকজন তাণ্ডব, রাহাজানি আর লুটপাট করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। তারা আনন্দ করছে। তাদের আনন্দের ঢাক-ঢোল পেটাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচন কমিশনের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এ বিষয়টি জেনেও আমরা শুধুমাত্র গণতন্ত্রের সামান্য পরিসরে প্রবেশ করতে পৌর নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু তাতেও নির্বাচন কমিশন সরকারের ইচ্ছে পূরণে ব্যস্ত হয়ে পড়েছে।'
রিজভী অভিযোগ করে বলেন, 'সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রধানের ভাইকে বিজয়ী করতে নোয়াখালীর চৌমহনী পৌরসভায় বিএনপির প্রার্থীকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাকে গণসংযোগ করতেও দেয়া হচ্ছে না। সেখানে ব্যাপক তাণ্ডব চলছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই সেখানে। অথচ, সেখানে বিএনপি প্রার্থীই এগিয়ে আছে। এ ছাড়াও নরসিংদীর মাধবদি পৌরসভায়ও সরকার ভোট ডাকাতির চেষ্টা করছে। সেখানেও তাণ্ডব চালানো হচ্ছে। বিএনপির প্রার্থীকে ভয়ভীতি দেখানো হচ্ছে। ভোট ছিনিয়ে নেয়ার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু সংবিধানিক দায়িত্ব পালন না করে ইসি সরকারের আজ্ঞাবহ হিসেবে তাদের চাকরির মেয়াদ দীর্ঘায়িত করছে। নির্বাচন কেন্দ্রীক যে সমস্ত সন্ত্রাস চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে স্থগিত হওয়া ভোটকেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হবে না।'
ইসলামী ঐক্যজোটের ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে রিজভী বলেন, 'মহাসাগর থেকে এক বালতি পানি তুলে নিলে কি আর মহাসাগর শুকিয়ে যায়? এতে বিএনপির কোনো ক্ষতি হবে না।'
সংবাদ সম্মেলনে বিএনপি কেন্দ্রীয় সদস্য সৈয়দ শাহীন শওকত, শহিদুন্নাহার কাজী হেনা, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক কামরুল মনির, দফতর সম্পাদক গোলাম মোস্তফা মামুন ও মহানগর সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।