সিরিয়ার ইদলিব প্রদেশে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৪৩ জন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শনিবার মারাত আল-নুমান শহরে রুশ যুদ্ধবিমানের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
সিভিল ডিফেন্স জানিয়েছে, রুশ বিমানগুলো মারাত আল-নুমান শহরকে হামলার লক্ষ্য বানায়। শহরটি রাজধানী দামেস্ক থেকে ১৯০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
ইদলিব সিভিল ডিফেন্সের সমন্বয়কারীর দায়িত্বে থাকা এক জন জানিয়েছেন, 'হামলাস্থলে আমাদের স্বেচ্ছাসেবীরা রয়েছেন। আহতদের সহায়তার যথাসাধ্য চেষ্টা করছেন তারা।' তিনি আরো জানান, আহতদের অনেকেরই অবস্থা সংকটজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তবে মৃতের সংখ্যা ৩৯ বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।