আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় ন্যানগরহার প্রদেশে শনিবার মার্কিন ড্রোন হামলায় সন্দেহভাজন ২০ আইএস জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের খাইবার উপজাতি অঞ্চলের শূন্য রেখা বরাবর এ হামলার ঘটনা ঘটে। খবর ডন অনলাইনের।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতরা আফগানিস্তানের আইএস জঙ্গিদের সদস্য। তারা জানান, ন্যানগরহার প্রদেশে আস্তানা ঘেরে থাকা ওইসব জঙ্গিদের লক্ষ্য করে এ ড্রোন হামলা চালানো হয়। এতে কাছাকাছি থাকা জঙ্গিদের আরো কয়েকটি ঘাঁটিও ধ্বংসসাধন হয়। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী এর আগেই সতর্কতা জারি করেছিল যে এলাকাটি জঙ্গিদের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। এখানকার কয়েকজন বয়োজ্যেষ্ঠকেও সাম্প্রতিক সময়ে তারা হত্যা করেছিল। তাছাড়া এলাকায় নারীদের ওপর কঠোর ইসলামি আইন বলবত্ করা হয়। গত বছরেও মার্কিন সাহায্যপুষ্ঠ আফগান বাহিনীর অভিযানে ডজনখানে আইএস জঙ্গি নিহত হয়।