অস্ট্রেলিয়ায় দাবানলে নিহত ২

পশ্চিম অস্ট্রেলিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দাবানলে পুড়ে দুজন মারা গেছেন এবং অপর একজন নিখোঁজ রয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
 
পুলিশ জানিয়েছে, পার্থের দক্ষিণে ইয়ারলুপ টাউনের পুড়ে যাওয়া একটি বাড়ি থেকে সত্তরোর্ধ দুই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ইয়ারলুপে জারি করা দাবানল বিষয়ক জরুরি সতর্কবার্তা বজায় রাখা হয়েছে। হার্ভে, কুকেরনাপ এবং ওকালুপ টাউনও দাবানলের হুমকির মধ্যে আছে বলে সতর্ক করেছে জরুরি বিভাগ।
 
পশ্চিম অস্ট্রেলিয়ার মুখ্যমন্ত্রী কলিন বার্নেট দাবানলে ক্ষতিগ্রস্থ প্রধান এলাকগুলোকে প্রাকৃতিক দুর্যোগের এলাকা বলে ঘোষণা করেছেন, এতে এই এলাকাগুলো জরুরি তহবিলের আওতায় পড়বে। অস্ট্রেলিয়ার এই এলাকাটি গরুর খামার এবং মাংস ও দুধ উৎপাদনের প্রধান এলাকা। এলাকাটির বাসিন্দাদের ও পর্যটকদের এলাকাটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার বজ্রপাত থেকে এই দাবানলের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। দাবানলে এ পর্যন্ত এক লাখ ৬৬ হাজার একর এলাকা ধ্বংস হয়েছে বলে এক হিসাবে জানানো হয়েছে। বিবিসি।