চলতি বছরেই স্যামসাংয়ের ভাঁজ উপযোগী স্মার্টফোন

স্মার্টফোনের বাজারে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের কাছে শীর্ষস্থান হারিয়েছে স্যামসাং। তবে শিগগিরই আবার এই অবস্থান ফিরে পাবে এই দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি। কারণ, স্মার্টফোনপ্রেমীদের মাঝে হৈ চৈ তৈরি করতে মোড়ানো বা ভাঁজ করা যাবে এমন একটি হ্যান্ডসেট নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। ডিভাইসটি চলতি বছরের শেষার্ধে বাজারে আসবে।
 
নানা সমীকরণ বিশ্লেষণ করে এই সব তথ্য জানিয়েছেন এইচএসবিসি ব্যাংকের বিশেষজ্ঞরা। তবে এ ব্যাপারে এখনো মুখে কুলূপ এঁটে রেখেছে স্যামসাং কর্তৃপক্ষ।
 
গত বছরের সেপ্টেম্বরে থ্রিডি টাচ ডিসপ্লের আইফোন ৬ এস ও আইফোন ৬ এস প্লাস এনে প্রযুক্তি বিশ্বকে চমক দেয় অ্যাপল। টেক জায়ান্টটির নতুন দুই ডিভাইসে বুঁদ হয়ে যান বিশ্বের অগণিত স্মার্টফোনপ্রেমী। তাদের ঘোরলাগা অবস্থা কাটতে না কাটতেই ওই সময়ই ভাঁজ উপযোগী হ্যান্ডসেট আনার ঘোষণা দেয় স্যামসাং।
 
জানা গেছে, ‘প্রজেক্ট ভ্যালি’ নাম দিয়ে ভাঁজ করার উপযোগী প্লাস্টিকের ডিসপ্লে নির্ভর স্মার্টফোনটি নিয়ে কাজ করছে স্যামসাং। সফল হলে এটিই হবে ভাঁজ করা প্রথম স্মার্টফোন। IMG0
 
দক্ষিণ কোরিয়ান হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির ‘প্রজেক্ট ভ্যালি’ প্রজেক্টে দুটি কনফিগারেশনের ফোন তৈরি করা হবে, যার একটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৬২০ ও অন্যটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট।
 
ডিভাইস দুটিতে ৩জিবি র্যা ম, নন-রিমুভ্যাবল ব্যাটারি ও মাইক্রো এসডি কার্ড সুবিধা থাকবে। গ্যালাক্সি এস৬, এস৬ এজ, এস৬ এজ প্লাস ও নোট ৫ এর মতো নতুন ডিভাইস দুটিতে এক্সিনোস চিপসেট ব্যবহার করা হতে পারে।
 
বাজার বিশ্লেষকদের মতে, বাঁকানো ডিসপ্লের ফোন বা দুই ডিসপ্লে সুবিধার ফ্লপি ফোন এনে এক সময় বাজার মাত করেছে স্যামসাং। এবার ভাঁজ উপযোগী ডিসপ্লের স্মার্টফোন এনে অ্যাপলকে টপকে যাবে প্রতিষ্ঠানটি।