জয়া-রেখার সাময়িক যুদ্ধবিরতি!

দীর্ঘদিন কেউ কারো ছায়া মাড়াননি। বিভিন্ন উপলক্ষে দেখা হলেও এড়িয়ে গেছেন পরস্পরকে। কিন্তু শেষমেশ তাদের উষ্ণ আলিঙ্গনে গলল এতো দিনের বরফ। বলছি জয়া বচ্চন ও রেখার কথা। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা হয় তাদের। এতে দুজন দুজনের হাত ধরেন, উষ্ণ আলিঙ্গনে পরস্পরকে জড়িয়ে নেন বুকেও। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।

 
রেখা ও জয়ার মধ্যে দূরত্ব তৈরি হওয়ার কারণ নিয়ে শোনা যায় বহু পুরনো গুঞ্জন। জয়ার সাথে বিয়ের পরও নানা সময় রেখা-অমিতাভের প্রেমের কথা উঠে আসে গণমাধ্যমে। এতে রেখার সাথে মন-কষাকষি হয় জয়ার। তারপর থেকে তারা কেউ কারো ছায়া মাড়াতেন না।
 
১৯৮১ সালে যশ চোপড়ার ত্রিভুজ প্রেমের মুভি ‘সিলসিলা’ তে সর্বশেষ অভিনয় করেছিলেন জয়া ও রেখা। মুভিটিতে দুজনই নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছিলেন। কিন্তু  এরপর থেকে তাদের আর স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি।
 
সিলসিলার নতুন সিক্যুয়েলে জয়া-রেখাকে নিতে চেয়েছিলেন ছবিটির পরিচালক। কিন্তু দুজনই তাতে অনাগ্রহ প্রকাশ করেন।
 
মুম্বাই মিররের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা হয় রেখা ও জয়ার। এতে অতীত ভুলে হাত ধরে পরস্পরকে বুকে জড়িয়ে নেন তারা। এমনকি, এই ব্যাপারটাকে তারা ‘সাময়িক যুদ্ধবিরতি’ বলে উল্লেখও করেন তারা।