ত্রিপুরা থেকে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ

 
ভারতের ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়টি নিশ্চিত হওয়ার পর দিনই আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। প্রস্তাবিত পরিমাণ বিদ্যুৎ আনার প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশও শিগগিরই ভারতকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিবে।
 
রবিবার দুপুরে রাজধানীতে বিদ্যুৎ ভবনে এক প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ তথ্য জানান।
 
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী মানিক দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঐ বৈঠকে ত্রিপুরা আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দিতে পারবে বলে জানান মানিক দে। তারা প্রস্তাব দিয়েছে ও আগ্রহ দেখিয়েছে। আমাদের বিদ্যুৎ প্রয়োজন। তাই আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আনতে কোনো বাধা নেই। এ জন্য আমরা শিগগিরই আনুষ্ঠানিক প্রস্তাব দিব।
 
তিনি বলেন, প্রতি ইউনিট ৬ টাকা ৪৩ পয়সায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির ব্যাপারে আমরা সম্মত হয়েছি। নতুন বিদ্যুৎ আমদানিতেও সেই মূল্যহারই বহাল রাখার প্রস্তাব থাকবে। বিদ্যুৎ আমদানির এ মূল্যহার অপেক্ষাকৃত বেশী হওয়ার কারণ সম্পর্কে নসরুল হামিদ বলেন, এটি শুধু বিদ্যুৎ আনা-নেয়ার ব্যাপার নয়, বন্ধুত্বেরও। আর এই বিদ্যুৎ আনার সঞ্চালন মূল্যও অনেক। সার্বিকভাবেই এটি দুপক্ষের জন্যই সমান জয়।
 
শনিবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রীর মধ্যে এক বৈঠকে ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির কারিগরি ও আর্থিক বিষয়গুলো চূড়ান্ত করা হয়। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই এই বিদ্যুৎ বাংলাদেশে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।