‘এ বছরেই একাধিক গান নিয়ে প্রথম অ্যালবাম’

চলতি বছরেই রিলিজ পাচ্ছে সঙ্গীতশিল্পী কর্নিয়ার প্রথম একক অ্যালবাম। গত বছর থেকেই একটু একটু করে গুছিয়ে নিচ্ছেন নিজের প্রথম অ্যালবামের গানগুলো। এরইমধ্যে গান রেকর্ডিং প্রায় শেষ পর্যায়ে। সম্প্রতি ইত্তেফাক আড্ডায় এসে এমনটাই জানালেন কর্নিয়া। অ্যালবাম প্রসঙ্গে তিনি বলেন, ‘অ্যালবামের গানের বিষয়ে অনেক ভেবে চিন্তে এগুচ্ছি। এখন সঙ্গীতের অবস্থা অতটা অনুকূলে নয়। সিডি বিক্রিও হয় না। আমি এই বিষয়ে যতটা না চিন্তা করি তার থেকে বেশি চিন্তা আমার গানগুলো শ্রোতাদের রুচিশীল করতে। এখন শ্রোতারা অনেক ভাগে বিভক্ত। যে কারণে অ্যালবামের গান পছন্দের বেলাতেও আমি এই বিষয়টা মাথায় রাখছি। আমি চাই আমার অ্যালবামের গানগুলো যেন শ্রোতাদের মনে ধরে। কেননা এখন যে ধরনের গান হচ্ছে তা কিছুদিন পরই আর শ্রোতাদের মুখে শোনা যায় না। এই বিষয়টি আমি স্টেজ শো’তে খুব ভালোভাবেই লক্ষ্য করেছি। যে কারণে এতোটা ভাবনা আমার মধ্যে কাজ করে।’ কর্নিয়ার প্রথম অ্যালবামের কাজের অগ্রগতি কতটুকু? এমন প্রশ্নে কর্নিয়ার উত্তর, ‘অ্যালবামটিতে আটটি গান রাখার ইচ্ছে আছে। এরমধ্যে ৫/৬টি গানের কাজ অনেকটা শেষ পর্যায়ে রয়েছে। বাকিগুলোর কাজ এখনও শুরু হয়নি। অ্যালবামের নাম এখনও ঠিক করিনি। তবে এ বছরেই একাধিক গান নিয়ে প্রথম অ্যালবাম।’
 
অ্যালবাম ব্যস্ততার পাশাপাশি স্টেজ শো ও টেলিভিশন লাইভ নিয়ে ব্যস্ত আছেন কর্নিয়া।