‘ডন’ সিরিজে অভিনয়ের পর থেকে প্রিয়াঙ্কা চোপড়ার নামের সাথে ‘জংলি বিল্লি’ তকমাটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। অনেকেই তার নামের পরিবর্তে ‘জংলি বিল্লি’ বলে ডাকেন। ‘ডন’ সিরিজের বিগত দু’টি ছবিতেই প্রিয়াঙ্কার অভিনয় ছিল প্রশংসনীয়। সেই ধারাবাহিকতায় এই সিরিজের নতুন সিক্যুয়েল ‘ডন ৩’ সিনেমাতেও প্রিয়াঙ্কার থাকাটাই স্বাভাবিক ছিল।
কিন্তু হয়তো প্রিয়াঙ্কার ‘ডন’ যাত্রার সমাপ্তি ঘটতে যাচ্ছে। ‘ডন ৩’-তে দেখা যাবে না তাকে। তার জায়গায় ক্যাটরিনা কাইফকে ফ্রেমে চিন্তা করছেন পরিচালক ফারহান আকতার। খবর প্রকাশের পর খুশি হতে পারেননি ‘ডন’ সিরিজের ভক্তরা।
এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকই জানিয়েছেন প্রিয়াঙ্কাকেই নতুন সিক্যুয়েলে চান। এ বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘বিষয়টি উল্লেখযোগ্য তেমন কিছু না। আমিই যে সবগুলো সিক্যুয়েলে থাকবো তার কোনো যৌক্তিকতা নেই। পরিচালকের ভিন্ন চিন্তা ও পরিকল্পনা থাকতে পারে। আমি স্বাগত জানাই তাকে। ভক্তদের ভালোবাসা দেখে আমি সিক্ত। হয়তো পরবর্তীতে আবারও দেখবেন আমাকে।’
সম্প্রতি হলিউডের ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতেছেন প্রিয়াঙ্কা। এছাড়া ঝুলিতে যোগ হয়েছে হলিউডে অভিনয়ের প্রশংসা। ক্যারিয়ারের সময়টা যখন শীর্ষে অবস্থান করছে তখন এমন একটি খবরে সমালোচনার মুখে পড়তে হয়েছে পরিচালককে। বিতর্কের মুখে পড়ে পরিচালক বলেন, ‘এখনও আমি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তবে গল্পের প্রয়োজন ও নতুনত্বের ক্ষেত্রে চরিত্র পরিবর্তন হতেও পারে। সমালোচনাকে আমি স্বাগত জানাই যে, দর্শকের কাছে প্রিয়াঙ্কার চরিত্রটি ‘জংলি বিল্লি’ নামে স্বীকৃতি দিতে পেরেছি।’