শাওমির সাশ্রয়ী ফোনে ৪১০০ এমএএইচ ব্যাটারি

বিশ্বের বিকাশমান স্মার্টফোনের বাজারে একটা পাকাপোক্ত অবস্থান তৈরি করে নিয়েছে শাওমি। কম দামে উন্নত কনফিগারেশনের স্মার্টফোন এনে এই অবস্থান তৈরি করেছে চীনা কোম্পানিটি। চীনের অ্যাপল খ্যাত এই প্রতিষ্ঠান প্রতিযোগিতায় নিজেদের আরও একধাপ এগিয়ে রাখতে এবার অত্যাধুনিক ফিচারের আরও একটি হ্যান্ডসেট বাজারে আনতে যাচ্ছে।
 
‘শাওমি রেডমি ৩’ নামের এই স্মার্টফোন ১২ জানুয়ারি উন্মোচন করা হবে। রেডমি সিরিজের পূর্ববর্তী ফোনগুলো জনপ্রিয়তা পাওয়ায় নতুন এই ডিভাইস আনছে শাওমি।
 
শাওমি রেডমি ৩ স্মার্টফোনে দীর্ঘ সময় ব্যাকআপের জন্য চার হাজার ১০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।  ডুয়াল সিমের এই ফোনে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ১২৮ গিগাবাইট পর্যন্ত মেমরি বাড়ানো যাবে।
 
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো’তে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
 
উইবো’তে প্রকাশিত তথ্যমতে, স্মার্টফোনটিতে ১২৮০*৭২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। এতে প্রসেসর হিসেবে ১.৭ গিগাহার্টজের অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ও অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ব্যবহার করা হয়েছে।
 
রেডমি সিরিজের এই ফোনে ২ গিগাবাইট র‍্যাম ও ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
 
ভিডিও ধারণ ও ছবি তোলার জন্য ফোনটিতে ১৩.০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৫.০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
 
এন্ট্রি লেভেলের এই ফোনে সম্পূর্ণ মেটালের বডি রয়েছে। কানেক্টিভিটির দিক থেকে ডিভাইসটি ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস সমর্থন করবে।