যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সরকারি বাহিনী ও হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা মাদায়ার ৪০ হাজার অভুক্ত মানুষদের জন্য খাবার নিয়ে যাবে জাতিসংঘের ত্রাণসামগ্রীর গাড়িবহর। জানা গেছে, লেবানন সীমান্তের পাশের এই এলাকার মানুষ নিজেদের পোষা প্রাণী ও ঘাস খেয়ে বেঁচে আছে।
এর আগে গত রবিবারে খাবার নিয়ে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তের সমস্যার কারণে সেটি সম্ভব হয়নি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র মেলিসা ফ্লেমিং বলেন, আমরা আত্মবিশ্বাসী যে এবার আমরা নিয়ে যেতে পারবো। আমি মাত্রই খবর পেলাম যে আমাদের ত্রাণ সাহায্যের গাড়ি আজ (সোমবার) ছেড়ে যাবে। এটা স্বাভাবিক যে কিছু সময় লাগছে, প্রশাসনিক জটিলতাগুলো সেখানে অনেক বেশি। এদিকে ডক্টরস উইথ আউট বর্ডার্সের একজন মুখপাত্র জানিয়েছেন, মাদায়ায় কমপক্ষে ২৫০ জন মানুষ চরম পুষ্টিহীনতায় ভুগছে। এদের মধ্যে ১০ জনকে তৎক্ষণাৎ সরিয়ে নিয়ে আসা না হলে মারা যাবে।
এর আগে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম খাবার নিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছিল। বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যে মতৈক্য ছাড়া ত্রাণসামগ্রী পৌঁছানো অসম্ভব। মাদায়া গত জুলাই থেকে সিরিয়ার সরকারি বাহিনী ও হিজবুল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় ৪৫ লক্ষ সিরীয় বর্তমানে দুর্গম অঞ্চলে বসবাস করছে যার মধ্যে অন্তত ১৫ টি বিদ্রোহী ও জঙ্গিদের দখলে থাকা এলাকায় বাস করছে। এসব এলাকায় ত্রাণ ও ওষুধ পৌছানো অনেক কঠিন। বিবিসি।