সাত খুন: দুই মামলায় অভিযোগ গঠন ২৭ জানুয়ারি

 
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দায়েরকৃত দুই মামলায় অভিযোগ গঠন পিছিয়ে ২৭ জানুয়ারি ধার্য করা হয়েছে। সোমবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মিয়াজী শহিদুল ইসলাম চৌধুরী এই আদেশ দেন।
 
জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান জানান, অসুস্থতার কারণে মামলার আসামি র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদকে হাজির না করায় আজ অভিযোগ গঠন হয়নি। বেলা সাড়ে ১১টার দিকে নূর হোসেনসহ ২২ আসামিকে হাজির করা হলে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের আবেদন নাকচ করে দুই মামলায় অভিযোগ গঠনের জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ঠিক করেন।
 
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা থানায় একটি এবং আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা দায়ের করেন।