নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে করা মামলায় দুর্নীতি দমন কমিশনের তদন্ত প্রতিবেদন দাখিল আবার পিছিয়েছে।
সোমবার দুদকের পক্ষ থেকে ষষ্ঠ বারের মতো সময় চাওয়া হলে ঢাকার মহানগর হাকিম শামসুল আরেফিন প্রতিবেদন দাখিলের জন্য ৬ মার্চ দিন ঠিক করে দেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে মামলার আসামি সোহেল রানাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
গত বছরের ১ এপ্রিল সোহেল রানা কাশিমপুর কারাগারে থাকার সময় দুদক তার সম্পদের হিসাব চেয়ে নোটিস দিলেও রানা সম্পদের বিবরণী দাখিল করেননি; পুনঃদাখিলের জন্য সময়ের আবেদনও করা হয়নি। এ ঘটনায় গত বছরের ২০ মে দুদকের উপপরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে রমনা থানায় সোহেল রানার বিরুদ্ধে মামলা করেন; মামলাটির তদন্তও করছেন তিনিই।
দুই বছর আগে সাভারে রানার মালিকানাধীন ভবন ধসে পড়ে সহস্রাধিক পোশাক শ্রমিক নিহত হওয়ার পর তার সম্পদ অনুসন্ধানে নামে দুদক।