ভারতের তামিল নাড়ু রাজ্যে ষাঁড়ের লড়াইয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সরকারি সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছে প্রাণী অধিকার সংরক্ষণ কর্মীরা। রাজ্যটিতে ঐতিহ্যবাহী এই খেলাটি 'জাল্লিকাট্টু' নামে পরিচিত। ওই অঞ্চলে প্রায় দুই হাজার বছর আগে থেকে এই খেলাটির আয়োজন করা হয়।
প্রতি বছর জানুয়ারিতে আয়োজিত এই খেলায় হাজারো মানুষ অংশ নেন। ষাঁড়ের শিংয়ের সঙ্গে বেধে রাখা পুরস্কার ছিনিয়ে নিতে তারা দুর্ধর্ষ ষাঁড়গুলোকে ধাওয়া করেন। এতে অনেক মানুষ আহত এমনকি মারা যাওয়ার ঘটনাও ঘটে।
প্রাণী অধিকার কর্মীদের আপত্তির মুখে ২০১৪ সালে 'জাল্লিকাট্টু' খেলার ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছিল আদালত। গত বছর খেলাটি বন্ধ থাকলেও এই মাসেই ফের জাল্লিকাট্টু আয়োজন হতে যাচ্ছে। তবে 'নিষ্ঠুর' এই খেলাটি বন্ধ করতে সোমবার ভারতের প্রাণী কল্যাণ বোর্ড ও প্রাণী অধিকার কর্মীরা আদালতে আবেদন করে।
তবে জাল্লিকাট্টুর পক্ষে অবস্থান নিয়েছেন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনগুলো। তারা মনে করে, এটি তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। প্রায় দুই হাজার বছর পুরনো এটিই একমাত্র ভারতীয় খেলা যা এখনো আয়োজন করা হয়। সূত্র: বিবিসি