স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১২২৪ টাকা

এক মাসের ব্যবধানে আবারো ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২২৪ টাকা বাড়লো। বুধবার থেকে নতুন মূল্যে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪২ হাজার ৫১৫ টাকায়। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৪১ হাজার ২৯০ টাকা। সোমবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর সর্বশেষ স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল। নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৪০ হাজার  ৪১৫ টাকায়। বর্তমান দাম ৩৯ হাজার ১৯১ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি বিক্রি হবে ৩৩ হাজার ৭৬৭ টাকায়। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম থাকবে ৩২ হাজার ৫৪২ টাকা।

আর সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণ বিক্রি হবে ২২ হাজার ৬৮৬ টাকা। বর্তমান দাম ২১ হাজার ৪৬১ টাকা। স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। আগে প্রতি ভরি রুপার দাম ছিল ৮৭৪ টাকা। বুধবার  থেকে তা বিক্রি হবে ৯৩৩ টাকায়। অর্থাৎ প্রতি ভরিতে রুপার দাম বেড়েছে ৫৮ টাকা। এর আগে গত ৭ নভেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী ৯ নভেম্বর থেকে এবং ৩ ডিসেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী ৫ ডিসেম্বর  দাম কমিয়েছিল বাজুস।