গান লিখলেন অনুরূপ, নাচলেন টুম্পা

দীর্ঘ আট বছর পরে জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচের ফিচারিংয়ে অডিও ভিডিও গানের অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। তরুণ গায়ক খন্দকার বাপ্পির গাওয়া আটটি গান নিয়ে সাজানো এই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘খন্দকার বাপ্পি রিটারন্স’। এটি বাপ্পির দ্বিতীয় একক অ্যালবাম। এই অ্যালবামের ‘প্রলয়’ শিরোনামের একটি গানে মডেল হিসেবে দেখা যাবে জনপ্রিয় র‌্যাম্প মডেল টুম্পাকে। তাই দীর্ঘ সময় পরে দর্শক টুম্পা কে গানের মডেল হিসেবে দেখতে পাবেন।

এ প্রসঙ্গে টুম্পা বলেন, ‘গায়ক খন্দকার বাপ্পি সম্পর্কে আমার ঘনিষ্ঠ ছোট ভাই । তার অনুরোধে কাজটি করতে গিয়ে বেশ ভাল লেগেছে। পরে যখন জেনেছি এই গানটি অনুরূপ আইচের লেখা তখন আরও ভালো লেগেছে । প্রলয় গানের মিউজিক ভিডিওটির সবকিছুই খুব সুন্দর হয়েছে। দর্শকের কাছে গানটি অবশ্যই ভাল লাগবে’।

প্রসঙ্গক্রমে অনুরূপ আইচ বলেন, ‘খন্দকার বাপ্পির দ্বিতীয় একক অ্যালবামটি নিয়ে আমি বেশ আশাবাদী। এখানের ‘প্রলয়’ গানটিতে টুম্পা কে মডেল হিসেবে পেয়ে আমারও ভালো লেগেছে । টুম্পার ভক্তদের কাছেও ভালো লাগবে আশা করি’।

উল্লেখ্য, অনুরূপ আইচের ফিচারিং অ্যালবামগুলো হচ্ছে মমতাজের একক অ্যালবাম ‘পাংখা’ ও ‘ঝাক্কাস’, এন্ড্র– কিশোরের একক ‘সালাম নমস্কার’ এবং মুনের একক ‘ডিস্কো- বাঁচতে হলে নাচতে হবে’ ।