‘তথাকথিত অভিনয় নয়, চরিত্রের দিকে গুরুত্ব দিতে চাই’

অভিনেত্রী ও উপস্থাপক নওশিন। পাশাপাশি ঢাকা এফএম-এর অনুষ্ঠান পরিচালক পদে দায়িত্বরত আছেন। অনেকদিন পর্দায় দেখা যায়নি নওশিনকে। তবে নতুন বছরে তিনি নতুন করে ভাবছেন অভিনয় ক্যারিয়ার নিয়ে। পুরোবছরই ব্যস্ত থাকতে চান পর্দার সামনে। শুধু ছোটপর্দাতেই না, বড়পর্দাতেও সরব হতে চান নওশিন। সাম্প্রতিক রেডিও ও অভিনয় ব্যস্ততা নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাতকার নিয়েছেন মোস্তাফিজ মিঠু।


গুঞ্জন উঠেছে আপনি ‘ঢাকা এফএম’ ছেড়ে দিচ্ছেন ?
গুঞ্জনের কোনো সত্যতা নেই। আমি ঢাকা এফএম-এ এখনও আছি। পাশাপাশি আমাদের আরও একটি নতুন রেডিও আসছে শিগগিরই সেখানেও দায়িত্বরত থাকছি। কিছুদিন আগে আমি বসুন্ধরায় আরজে সায়েম-এর সাথে দেখা করতে যাই। সেখান থেকে হয়তো অনেকে এই ভুল ধারণাটি করেছে।

আবারও অভিনয়ে নিয়মিত হচ্ছেন। নতুন বছরে নতুন করে কেমন পরিকল্পনা নিয়ে আসছেন?
নতুন বছরে আমি নতুন করে শুরু করতে চাই। শুধুমাত্র তথাকথিত অভিনয় নয়, চরিত্রকে দিকে গুরুত্ব দিতে চাই। এমন কোনো চরিত্রেই কাজ করবো যেনো দর্শক আমাকে চরিত্র ধরে মনে রাখতে পারেন। এই মাসের ২০ তারিখ থেকে আমি নতুন ধারাবাহিক শুরু করবো। আগের সবকাজ শেষ করেছি। এ বছরে আমি অনেক নাটক করতে চাই। পুরোদমে অভিনয়টা করবো। তবে অবশ্যই চরিত্রের ভিন্নতা থাকবে।

রেডিওতে কর্মরত থাকা অবস্থায় নিয়মিত নাটক করলে সবকিছু ঠিকমত গুছিয়ে নিতে সমস্য হবে না?
না, সমস্যা তেমন হবে না। কারণ রেডিওতে আমি একদিন শো করি। তাই সেভাবে পরিকল্পনা করেই আমি নাটকের সিডিউলগুলো রাখি। তাই সেভাবে কোনো সমস্যা হবে না।
IMG0
রেডিও স্টেশনের বাড়াতে প্রতিযোগীতাও বেড়েছে, পাশাপাশি নতুন অনেক অনুষ্ঠান যোগ হয়েছে। শ্রোতাদের গ্রহনযোগ্যতা প্রসঙ্গে বলুন?
যারা আগে রেডিও শুনতো তারা এখনও শোনে। স্টেশনের সংখ্যা বাড়াতে শ্রোতারা এখন বিভক্ত। এতে নতুন অনুষ্ঠানগুলোও শ্রোতারা ভালোভাবে গ্রহন করেছে। যারা গান শোনে তারা দিনে বেশি রেডিও শোনে, আর যারা বিষয়ভিত্তিক অনুষ্ঠান শোনে তারা রাতে শোনে।

বিজ্ঞাপনের পাশাপাশি বাজেটও নাটকের ক্ষেত্রে এখন বড় সমস্যা। চ্যানেলগুলোর সুষ্ঠ পরিকল্পনার অভাব মনে করেন কি-না?
নাটক এখন টেলিভিশনে না দেখলেও অনলাইনে কিন্তু পড়ে ঠিকই দেখছে। নাটকের মান ভালো না হলে অনলাইনেও তারা দেখতো না। বিজ্ঞাপন ছাড়াতো চ্যানেল চালানো সম্ভব না। কিন্তু দর্শকদের প্রতিও একটি দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে পরিকল্পিত নাটক ও অনুষ্ঠান প্রচার জরুরী। অনেক চ্যানেল এখন বিরতিহীন নাটক প্রচার শুরু করেছে যেগুলো গল্প ও বাজেট ভালো। এমনই কিছু পরিকল্পনার মধ্য দিয়েই আমাদের দর্শক আবারও চ্যানেলে ফিরে আসবে।

চলচ্চিত্রের আবারও কবে দেখা যাবে?
নতুন কোনো চলচ্চিত্রের এখনও কোনো খবর নেই। ‘দ্য ফেইক’ চলচ্চিত্রের ডাবিং শেষ করলাম সম্প্রতি। নতুন চলচ্চিত্রের প্রস্তাব এরে জানাবো।