মিউজিক স্ট্রিমিং সেবা 'অ্যাপল মিউজিক' এক কোটি ‘পেইড সাবস্ক্রাইবার’ এর মাইলফলক অতিক্রম করেছে। ছয় মাস আগে আইফোন এবং আইপ্যাডের জন্য অ্যাপল মিউজিকের আইওএস অ্যাপ এবং দুই মাস আগে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাপল মিউজিকের একটি অ্যাপের বেটা সংস্করণ উন্মুক্ত করা হয়। এতে দ্রুততার সাথে বাড়তে থাকে এর সাবস্ক্রাইবারের সংখ্যা।
স্পটিফাইয়ের মতো মিউজিক স্ট্রিমিং সার্ভিসের সঙ্গে পাল্লা দিতে ‘অ্যাপল মিউজিক’ চালু করে অ্যাপল। অল্প সময়ে এতো গ্রাহকপ্রিয়তা পাওয়ায় বিশ্লেষকরা বলছেন, শিগগিরই স্পটিফাইকে ছাড়িয়ে যাবে অ্যাপল মিউজিক। গ্রাহকসংখ্যা নিয়ে নতুন করে কিছু জানায়নি স্পটিফাই। তবে গত বছরের জুন মাসে প্রতিষ্ঠানটি জানায়, তারা দুই কোটির মাইলফলক স্পর্শ করেছে।
২০১৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে ওয়াল স্ট্রিট জার্নালের আয়োজিত এক প্রযুক্তি বিষয়ক সম্মেলনে অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানান, বিশ্বের ১ কোটি ৫০ লাখের বেশি মানুষ অ্যাপলের মিউজিক সেবা ব্যবহার করছেন। এর মধ্যে ‘পেইড ইউজার’ এর সংখ্যা ৬৫ লাখ এবং ফ্রি ট্রায়াল সংস্করণের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮৫ লাখ। গত বছর ৩০ জুন অ্যাপল মিউজিক উন্মোচন করা হয়। পরীক্ষামূলকভাবে ৩ মাস ফ্রিতে ব্যবহারের সুবিধা দিয়ে সেবাটি উন্মোচন করা হয়।
ওই সময় অ্যাপল কর্তৃপক্ষ ঘোষণা করে, প্রথম তিন মাসের জন্য বিনামূল্যে মিউজিক স্ট্রিমিং করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা। তবে এরপর প্রতি মাসে প্রায় ১০ মার্কিন ডলার খরচ গুনতে হবে। ছয় সদস্যের পরিবারের সবার জন্য মাসে খরচ পড়বে প্রায় ১৫ মার্কিন ডলার। ২০১৫ সালের আগস্টের শুরুর দিকে মাত্র এক মাসে সেবাটির সদস্য সংখ্যা এক কোটি ১০ লাখ অতিক্রম করে। ফিন্যান্সিয়াল টাইমস।