পশ্চিমবঙ্গকে ‘মিনি বাংলাদেশ’ বানানোর ষড়যন্ত্র চলছে

পশ্চিমবঙ্গকে ‘মিনি বাংলাদেশ’ বানানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়ভারগিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, জাল নোট ও আন্তসীমান্ত মাদক চোরাচালানকারীদের মতো দেশবিরোধীদের তৃণমূল কংগ্রেস সমর্থন দিতে থাকলে সে দিন আর দেরি নেই যখন পশ্চিম বঙ্গ মিনি বাংলাদেশে পরিণত হবে।
 
গত ৩ জানুয়ারিতে পশ্চিমবঙ্গের মালদার সহিংস ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন কৈলাশ। তিনি বিজেপির পশ্চিমবঙ্গ শাখার জন্য কেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত।
 
টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, দেশে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে যখন অনেকেই সরব তখন কালিয়াচক থানায় হামলার ঘটনা নিয়ে কেউ টু শব্দটিও করছেন না। তার অভিযোগ, বাংলাদেশের ভেতর থেকে ভারতে মাদক ও জাল নোট পাচার নিয়ে নথিপত্র পুড়িয়ে দিতেই থানাটি জ্বালিয়ে দেয়া হয়।
 
তিনি বলেন, কালিয়াচকে হামলার তিনদিন পর বিহারের পূর্ণিয়াতেও অনুরূপ ঘটনা ঘটে। কিন্তু যারা রাষ্ট্রীয় পদক ফেরত দিয়েছিলেন ও দেশ ছাড়ার কথা বলেছিলেন তারা এর মধ্যে অসহিষ্ণুতা দেখতে পান না।