সুপারস্টার বা বাংলায় বলা হয় মহাতারকা। আমাদের ছায়াপথ আকাশগঙ্গায় সূর্য থেকে ৫০ লাখ গুন বড় তেমনি এক নক্ষত্র ইটা কারিনা। ১৩ লাখ গ্রহকে নিয়ে সেই নক্ষত্রটির জগৎ। এমনই আরো পাঁচটি সুপারস্টার আবিষ্কার করেছেন একদল বিজ্ঞানী। আর যুগান্তকারী এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী রুবাব খান।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বার্ষিক সভায় পুরো বিশ্বকে চমকে দেওয়ার মতো এই ঘোষণা দেন ২৯ বছর বয়সী জ্যোতির্বিজ্ঞানী ড. রুবাব খান। নাসার হাবল স্পেস টেলিস্কোপ ও স্পিটজার স্পেস টেলিস্কোপ ব্যবহার করে এই মহাতারকাগুলোর খোঁজ পাওয়া গেছে।
ইনসাইড সাইন্সে প্রকাশিত প্রতিবেদনে ড. রুবাব খান বলেন, ইটা কারিনা একমাত্র অদ্ভুত নিদর্শন নয়। বরং এই আবিষ্কার প্রকৃতিতে ইটা কারিনার মত আরো বেশ কিছু অদ্ভুত মহা তারকার উপস্থিতি নিশ্চিত করছে। এই আবিষ্কারের মাধ্যমে মহাতারকা নিয়ে গবেষণার একটি নতুন ক্ষেত্র তৈরি হয়েছে বলেও জানান তিনি।
এ সময় পাঁচটি মহাতারকা আবিষ্কার সম্পর্কে তিনি বলেন, 'প্রথমে আশা করেছিলাম একটি নক্ষত্রের সন্ধান পাওয়া যাবে। কিন্তু পরবর্তীতে একাধিক নক্ষত্রের খোঁজ পেলাম। তবে ৫টি সুপার স্টারের সন্ধান পাওয়ার পর আমরা বিস্মিত হই।
বক্তব্যে নতুন আবিষ্কৃত মহাতারকাগুলোকে ইটা কারিনার জমজ হিসেবে বর্ণনা করেন তিনি। ইনসাইড সায়েন্স।