মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশের রায় থেকে খালাস চেয়ে রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) করবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী। মঙ্গলবার রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করার পর দেলাওয়ার হোসাইন সাঈদী রিভিউ করবেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী ব্যারিস্টার তানভির আল-আমিন।
তিনি বলেন, ‘আমরা দেলাওয়ার হোসাইন সাঈদীর খালাস চেয়ে আগামীকালের মধ্যে রিভিউ আবেদন করব। আগামীকাল প্রস্তুতি শেষ না হলে বৃহস্পতিবার আবেদন করব।’
এর আগে এ বিষয়ে সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান বলেছিলেন, ‘আমরা রিভিউ করতে চাই না। রাষ্ট্রপক্ষ রিভিউ করলে এর পরেই আবেদন করা হবে।’
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর তত্কালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন। অন্য চার বিচারপতি হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। রায়ের পর দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় জামায়াত-শিবির। সহিংসতায় প্রথম তিন দিনেই ৭০ জন নিহত হন।