জাবির দুই শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করে বাহিরে অবস্থান করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের প্রভাষক মো. রুহুল আমিন খন্দকার ও সহকারী অধ্যাপক ড. মুফতি মাহমুদকে অব্যাহতি দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
 
জানা গেছে, ২০১১ সালের ১৩ আগস্ট প্রভাষক মো. রুহুল আমিন খন্দকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কামনা করে ফেসবুক স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেয়ার ফল- সবাই মরে, শেখ হাসিনা মরে না কেন?’ এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ২০১১ সালে ২ অক্টোবর সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতা ও হত্যার হুমকির অভিযোগে আশুলিয়া থানায় মামলা করেন। পরে ২০১৫ সালের ১২ আগস্ট মো. রুহুল আমিন খন্দকারকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
 
আদালতে শাস্তি হওয়ায় সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় মো. রুহুল আমিন খন্দকারকে বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেয়। অন্যদিকে একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মুফতি মাহমুদ বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নেয়ার তিন বছর পরও পুনরায় যোগদান না করলে প্রশাসনের পক্ষ থেকে তাকে কয়েকবার নোটিশ দেয়া হয়। তারপরও তিনি কর্মস্থলে যোগদান না করায় তাকেও অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।