মিডিয়া মুঘল রুপার্ট মারডক এবং অভিনেত্রী-মডেল জেরি হল বিয়ে করতে যাচ্ছেন। মারডকের নিউজ কর্পোরেশন কোম্পানির মালিকানাধীন টাইমস পত্রিকার জন্ম, বিয়ে এবং মৃত্যু বিভাগে তাদের বাগদানের খবর প্রকাশ করা হয়েছে।
এটা হবে ৮৪ বছর বয়সী মারডকের চতুর্থ এবং ৫৯ বছর বয়সী হলের প্রথম বিয়ে। তবে এই অভিনেত্রী অনেক দিন ধরে গায়ক স্যার মিক জ্যাগারের সঙ্গে এক ছাদের নিচে বসবাস করেছেন।
মারডক এবং হলের নতুন সম্পর্কটি গত গ্রীষ্মে শুরু হয়েছিল। একজন মুখপাত্র বলেন, ‘গত এই মাসগুলো তারা পরস্পরকে ভালোবেসেছেন’। তিনি আরো বলেন, তারা ‘বিয়ে হওয়া নিয়ে রোমাঞ্চিত এবং নিজেদের ভবিষ্যতের ব্যাপারে উদ্বেলিত’। অস্ট্রেলীয় বংশোদ্ভূত বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক মারডকের সঙ্গে ২০১৩ সালে তার তৃতীয় স্ত্রী ওয়েন্ডি ড্যাংয়ের ছাড়াছাড়ি হয়ে যায়। সূত্র: বিবিসি