‘বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন’

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন। তার এই আত্মত্যাগ বিশ্বের কম নেতার মধ্যে রয়েছে।
 
তিনি বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে যেদিন বাংলাদেশে পদার্পণ করেছেন সেদিন বাংলার কোটি কোটি মানুষ আবেগে আপ্লুত ছিল। বঙ্গবন্ধুর জন্য মসজিদে-মন্দিরে প্রার্থনা হয়েছে। কেউ কেউ প্রার্থনা করেছে বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরলে আল্লাহর দরবারে সিন্নি দেবেন।
 
মঙ্গলবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন বি-২০২ আয়েজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
এতে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও প্রদীপ কুমার দত্ত। এ ছাড়া বক্তব্য রাখেন বিদ্যুৎ শ্রমিক লীগ সিবিএ সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সোনালী ব্যাংক প্রতিষ্ঠানিক ইউনিট কমান্ডের সদস্য-সচিব আলাউদ্দিন আল আজাদ, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন বি-২০২ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন প্রমুখ।
 
বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের সমালোচনা করে নৌমন্ত্রী বলেছেন, এ সরকারের উন্নয়ন ফখরুল ইসলামের চোখে পড়ে না। তিনি পদ্মা সেতুকে ফ্লাইওভার বলেছেন। ফখরুল সাহেবের নেত্রী বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন একটি ড্রেজারও ক্রয় করেননি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭টি ড্রেজার ক্রয় করেছেন। মেট্রোরেল তৈরি হচ্ছে। কাজ শুরু হয়েছে। তা ফখরুল সাহেবের চোখে পড়ে না।